ফ্যাক্ট চেকস
‘যে হামলার ভিডিও করতে গিয়ে নিহত হন তৌফিক’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মিরপুরের ভিন্ন ঘটনার!
ফ্যাক্ট চেক

‘যে হামলার ভিডিও করতে গিয়ে নিহত হন তৌফিক’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মিরপুরের ভিন্ন ঘটনার!

গত ২রা নভেম্বর গার্মেন্টস শ্রমিকদের নুন্যতম মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে একদল ‘দুর্বৃত্ত’র হামলায় আহত গাজীপুরের লায়লা স্টাইলস লিঃ এর শ্রমিক মোঃ তৌফিক হোসেন চিকিৎসাধীন অবস্থায় ৩রা নভেম্বর মারা গেছেন। নিউজ লিংক

সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অসমর্থিত সূত্রে একটি গার্মেন্টসে হামলার ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, এই হামলার ভিডিও করতে গিয়েই তৌফিককে পিটিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে যায় হামলাকারীরা। দেখুন এখানে, এখানে, এখানে।

প্রচারিত ভিডিও থেকে ধারণকৃত স্ক্রিনশট

ফ্যাক্ট-চেক

প্রচারিত ভিডিওগুলো মিরপুর-২ এর বড়বাগ এলাকার আজমত গার্মেন্টসের। অন্যদিকে নিহত তৌফিক কাজ করতেন গাজীপুর এলাকায় এবং আহতও হন সেখানেই। তাই ভিডিওর সাথে গাজীপুরে নিহত তৌফিকের উপর হামলার ঘটনার কোন সম্পর্ক নেই।

রিভার্স ইমেজ সার্চ করলে, ইউটিউবে MRBB নামক চ্যানেলে হুবহু একই ভিডিও পাওয়া যায়, যা প্রকাশ করা হয় ১ লা নভেম্বরে, অর্থাৎ  তৌফিক আহত হওয়ার ঘটনার ১ দিন আগে। ভিডিওর ক্যাপশনে লিখা হয়, ” গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিলে আজকে বড়বাগ আজমত গার্মেন্টস ভবন ভাঙচুর করে শ্রমিকেরা”। দেখুন মূল ভিডিও

একই চ্যানেলের আরেকটি ভিডিওতে আজমত গার্মেন্টস এর ভেতরে ভাংচুরের চিত্র দেখা যায়। ভিডিও

এছাড়াও, গুগল ম্যাপে মিরপুর-২ এ অবস্থিত আজমত গার্মেন্টস এর সামনের অংশের ছবির সাথেও প্রচারিত ভিডিওর ছবি মিলে যায়। গুগল ম্যাপ লিংক

গুগল ম্যাপ থেকে সংগৃহীত

এ বিষয়ে ফ্যাক্ট-চেক জোনের প্রতিনিধি আজমত গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে, তারা ঘটনার সত্যতা স্বীকার করে।

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ছড়িয়ে পড়া ভিডিওটি গাজীপুরের নয়, মিরপুরের ভিন্ন ঘটনার!