ফ্যাক্ট চেকস
হাম নিয়ে সেই বৈঠকে ‘স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কেউই আমন্ত্রিত না থাকার’ দাবিটি সত্য নয়!
বিভ্রান্তিকর

হাম নিয়ে সেই বৈঠকে ‘স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কেউই আমন্ত্রিত না থাকার’ দাবিটি সত্য নয়!

চলমান হাম পরিস্থিতি নিয়ে গত ১৬ মে ঢাকার ডেইলি স্টার সেন্টারে ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, মাসুদ কামাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সেখানে উপস্থিত হয়ে বক্তৃতা রাখতে দেখা যায়। তবে এই বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে।

‘শিশু চিকিৎসক ডাঃ মোঃ মাহফুজার রহমান বাঁধন’ ফেসবুকে লিখেছেন, “হাম নিয়ে সুধি সমাজ বৈঠক ডেকেছে। কোনো ডাক্তার সেখানে আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পেয়েছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী মেহের আফরোজ শাওন।“ পোস্ট লিংক

কবি সোয়েব মাহমুদ লিখেছেন, “শুভ রাত, এটা হাম নিয়ে সেমিনারের একটা ছবি, হাম বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা হলেন,

মেহের আফরোজ শাওন ,আনিস আলমগীর, হোচিমিন ইসলাম,সাংবাদিক জই মামুন,রাশেদা কে চৌধুরী,মোজাফফর আহমেদ,ছড়াকার আখতারুজ্জামান,সাংবাদিক আবু সাইদ খান।

দেশের ঘরে ঘরে আজ হাম বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, আজ ডাক্তার। ছবিটা দেখেই চোখে পানি চলে আসছে।“ পোস্ট লিংক 

বুয়েটিয়ান – BUETian নামক পেজ স্যাটায়ার করে লিখেছে, “ডেইলি স্টারে হাম নিয়ে বিশেষজ্ঞ ডাক্তার ও গবেষকদলের গোলটেবিল বৈঠক..” পোস্ট লিংক

Ignore নামক পেজ লিখেছে, “হাম নিয়ে সুধি সমাজ বৈঠক ডেকেছে। কোনো ডাক্তার সেখানে আমন্ত্রণ পায়নি। আমন্ত্রণ পেয়েছে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের মেয়ের বান্ধবী মেহের আফরোজ শাওন….!” পোস্ট লিংক

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধান

উক্ত বৈঠকে ‘স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কেউই আমন্ত্রিত না থাকার’ দাবিটি সত্য নয়।  অনুসন্ধানে দেখা যায় বৈঠকে একাধিক স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন এবং বক্তব্যও দিয়েছেন।  হাম নিয়ে আলোচিত সেই বৈঠকে উপস্থিত এবং আমন্ত্রিত অতিথিদের তালিকা ফ্যাক্ট-চেক জোনের হাতে এসেছে।

তালিকায় দেখা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য এবং তথ্যবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. জেবুন্নেসা জেবা (Master of Public Health in Health Promotion and Health Education) বক্তব্য রাখেন। ড. জেবুন্নেসার প্রোফাইল 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আম্বিয়া সুলতানা নামক একজন নার্স। তিনি চলমান মহামারিতে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা নিয়ে বক্তব্য রাখেন।

বৈঠকে উপস্থিত ছিলেন Bangladesh Health Watch এর প্রোগ্রাম ডিরেক্টর শেখ মাসুদুল আলম। Bangladesh Health Watch নামক এই এনজিওর অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানা যায় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যখাতের উন্নয়নে প্রান্তিক পর্যায়ে কাজ করে যাচ্ছে। লিংক 

প্রথম আলো’র স্বাস্থ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি সাংবাদিক শিশির মোড়লও উক্ত গোল টেবিলে বক্তব্য রাখেন। শিশির মোড়ল চলমান হাম নিয়ে প্রথম আলো’তে সক্রিয়ভাবে প্রতিবেদন করে যাচ্ছেন। দেখুন

এছাড়াও বক্তব্য রাখেন ইজা চৌধুরী, যিনি শরীরচর্চায় Samadi Wellness নামক Yoga Center এর প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক।

উক্ত গোল টেবিল বৈঠকে কোন চিকিৎসক  আমন্ত্রণ না পাওয়ার তথ্যটিও সত্য নয়। মতবিনিময় সভায় ডাঃ আব্দুন নুর তুষারকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি উপস্থিত হওয়ার ব্যাপারে প্রাথমিক ভাবে সম্মতিও দিয়ে রেখেছিলেন। তবে শেষ মুহূর্তে তিনি আর আসেন নি।ফ্যাক্ট-চেক জোন এর হাতে আসা আয়োজক ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ এর আমন্ত্রিত অথিতিদের তালিকা থেকে এই তথ্য নিশ্চিত করা গেছে। তবে আব্দুন নুর তুষার ছাড়া আর কোন চিকিৎসক আমন্ত্রণ পাননি।

এছাড়াও সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা, ব্যারিস্টার ইমতিয়াজ মাহমুদ, মডেল ইমতু রাতিশ, লেখক নাজিমুদ্দিন, পিয়া জান্নাত, মানবাধিকার কর্মী শায়না হাফিজ ডেইজি প্রাথমিক সম্মতি দিয়ে পরে আর উপস্থিত থাকতে পারেননি।