ফ্যাক্ট চেকস
“জিয়াউর রহমানের আমলে প্রথম ঔষধ নীতি প্রণয়ন হয়”-স্বাস্থ্যমন্ত্রীর এই তথ্যটি সত্য নয়
ফ্যাক্ট চেক

“জিয়াউর রহমানের আমলে প্রথম ঔষধ নীতি প্রণয়ন হয়”-স্বাস্থ্যমন্ত্রীর এই তথ্যটি সত্য নয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ” বাংলাদেশ বিশ্বে ওষুধ রপ্তানি করার সুযোগ পেয়েছে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ওষুধনীতি প্রণয়ন করে বিশ্বে বাংলাদেশের ওষুধ রপ্তানি উদ্বোধন করে গেছেন। ” দেখুন এখানে, এখানে

 

ফ্যাক্ট-চেক

স্বাস্থ্যমন্ত্রীর এই দাবি সত্য নয়। ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে- জিয়াউর রহমান নয়, প্রথম ওষুধনীতি প্রণয়ন করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮২ সালের ১২ জুন প্রথমবারের মত ‘ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ’ (The Drugs Control Ordinance, 1982) জারি করা হয়।

১৯৮২ সালের ১৩ জুন ‘দৈনিক ইত্তেফাক’ এর প্রথম পাতায় সরকারি সংস্থা বাসস সূত্রে অধ্যাদেশ জারির খবর পাওয়া যায়৷ বাসস জানায়, “প্রধান সামরিক আইন প্রশাসক গতকাল (শনিবার) দেশে ক্ষতিকর, অকার্যকর এবং অপ্রয়োজনীয় ঔষধ আমদানি, বিতরণ এবং বিক্রয় নিয়ন্ত্রণকল্পে ‘ঔষধ (নিয়ন্ত্রণ) অর্ডিন্যান্স, ১৯৮২ জারি করিয়াছেন। এই অর্ডিন্যান্সে ১ হাজার ৭শ ৭ টি ঔষধ আমদানি, বিতরণ এবং বিক্রয় নিষিদ্ধ করা হইয়াছে।” দেখুন পত্রিকার আর্কাইভ কপি 

ওষুধ নীতি প্রণয়নের লক্ষ্যে ১৯৮২ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের নির্দেশে ৮ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।  কমিটির চেয়ারম্যান করা হয় পিজি হাসপাতালের (বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলামকে। এই কমিটির অন্যতম সদস্য ছিলেন জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য এর আগেও ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর আমলেও নুরুল ইসলামকে ঔষধ নীতি প্রণয়নের দায়িত্ব দেয়া হয়৷ তবে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে হত্যার পর উক্ত প্রক্রিয়া থমকে যায়। এরপর ১৯৭৯ সালে ২য় দফার প্রচেষ্টাও ব্যর্থ হয়৷

ঔষধ নীতি প্রণয়ন কমিটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমকে দেওয়া স্বাক্ষাৎকারে ডা. জাফরুল্লাহ চৌধুরি বলেছিলেন,”জেনারেল এরশাদ ক্ষমতায় আসেন। তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ওষুধ নিয়ে আমি কী করতে চাই জানতে চেয়েছিলেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমদ শরীফসহ অনেকেই এরশাদের সঙ্গে কাজে না জড়াতে বলেছিলেন।’

রাষ্ট্রপতি এরশাদের সাথের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘‘এরশাদ সাহেবকে বলেছিলাম, একটি যথাযথ কমিটির মাধ্যমে ওষুধ নীতি প্রণয়নের কাজটি করতে হবে। ৮ সদস্যের কমিটি করা হয়েছিল। কমিটির চেয়ারম্যান ছিলেন তখনকার পিজি হাসপাতালের পরিচালক অধ্যাপক নুরুল ইসলাম। খুব কম সময় নিয়ে আমরা কাজটি করেছিলাম”

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: জিয়াউর রহমান নয়, হুসেইন মুহম্মদ এরশাদই প্রথম ঔষধ নীতি প্রণয়ন করেন।