ফ্যাক্ট চেকস
বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র দাবি করলো ‘আমার দেশ’
ফ্যাক্ট চেক

বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র দাবি করলো ‘আমার দেশ’

১০ই জুন ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শিরোনামে একটি খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। এ বিষয়ে পত্রিকাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ফটোকার্ড ও প্রকাশ করেছে।

ফ্যাক্ট-চেক

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, ‘৭৯ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা’র শিরোনামটি সম্পূর্ণ বিভ্রান্তিকর।

মূলত, মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত ৭৯ হাজার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সরকার তদন্ত করার উদ্যোগ নিয়েছে যা বর্তমানে চলমান আছে এবং এখনো কোন চূড়ান্ত প্রতিবেদন দাখিল হয়নি। জামুকা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কিংবা আদালত কোন কর্তৃপক্ষ দ্বারা ৭৯ হাজার মুক্তিযোদ্ধাকে ভুয়া ঘোষণা করার মত কোন ঘটনা ঘটেনি। কেবলমাত্র অভিযোগের ভিত্তিতে ‘ভুয়া’ শব্দটির প্রয়োগ অত্যন্ত বিভ্রান্তিমূলক।

মুক্তিযোদ্ধা তালিকা যাচাই-বাছাই কার্যক্রম সরকারের একটি নিয়মিত চলমান প্রক্রিয়া। অতীতে প্রতিটি সরকারকেই এই ধরনের কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। অনুসন্ধানে দেখা গেছে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারও তালিকাভুক্ত ৭০ হাজার ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং প্রায় ৬ হাজার মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান গত ২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানান, “২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত মোট ৬৪৭৬ জনের গেজেট/লাল মুক্তিবার্তা/ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে, এর মধ্যে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে বাতিলের সংখ্যা ৪৮১ জন।” অর্থাৎ বাকি ৫৯৯৫ জনেরই বাতিল হয় আওয়ামী লীগ আমলে। দেখুন

এ বিষয়ে ২০১৯ সালে প্রায় তিন হাজার একশ ব্যক্তির সনদ  এবং২০২০ সালে  ১১৮১ জনের সনদ বাতিলের সংবাদ পাওয়া যায়

মুক্তিযোদ্ধার সংখ্যা গত আওয়ামী লীগ আমলে কত বেড়েছিল?

অনুসন্ধানে দেখা যায় ১৯৯৬-২০০১ আওয়ামী লীগের শাসনামলে  ‘লাল বই’ নামে পরিচিত তালিকায় ১ লাখ ৫৪ হাজার মুক্তিযোদ্ধার নাম রয়েছে। ২০০১-৬ সালে  বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মুক্তিযোদ্ধার সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৯৮ হাজার জনে। অর্থাৎ বিএনপি জোট সরকারের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪ হাজার বেড়ে যায়। এরপর গত ১৬ বছরে আরো ৬ হাজার সনদ বাতিল এবং নতুন করে আরো ব্যক্তিদের স্বীকৃতি দানের পর বর্তমানে mis অনুসারে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ৬ হাজার ২৭৭ জন। অর্থাৎ বাতিল-সংযুক্তি শেষে ১৬ বছরে মুক্তিযোদ্ধার সংখ্যা বেড়েছে ৮ হাজার প্রায়।